নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে এলকার লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
