পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কানো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ।শনিবার (৩১ মে) রাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, কানো রাজ্যের ক্রীড়াবিদরা দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওগুন রাজ্যে জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফিরছিলেন। এ সময় তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুরা স্থানীয় সরকার এলাকার সেতু থেকে পড়ে গিয়ে ২১ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।কর্মকর্তারা আরো জানান, বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা। তাদের বহনকারী গাড়িটি ক্রীড়া উৎসব থেকে ফিরে আসার সময় তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।এই ঘটনায় নাইজেরিয়ার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে ক্রীড়াবিদদের মৃত্যুর জন্য “গভীর দুঃখ” প্রকাশ করেছেন, নিহতদের “আমাদের জাতির সেরা, নিবেদিতপ্রাণ, প্রতিভাবান এবং প্রতিশ্রুতিতে পূর্ণ” হিসাবে বর্ণনা করেছেন।তিনি আরও বলেন, ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল (এনএসএফ) নাইজেরিয়ার একটি অন্যতম বৃহৎ বহুমাত্রিক ক্রীড়া আয়োজন। অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ বিভিন্ন খেলার এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রদেশের ক্রীড়াবিদরা অংশ নেন। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
