রাজবাড়ী জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে পেঁয়াজ সংরক্ষণ ঘরের জন্য আবেদন জমা দিতে আসা কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের খবর প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে কর্মসূচিতে অংশ নেওয়া অধিকাংশ কৃষক জানতেনই না কেন তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন।ঘটনার সূত্রপাত ২১ জুন। সময়ের কণ্ঠস্বর ডিজিটাল ও দেশ রূপান্তরে রাজবাড়ী কৃষি বিপণন অধিদপ্তরের অফিস সহায়ক এনামুল হকের টাকা নেওয়ার ভিডিও প্রকাশিত হয়। এতে অফিস সহায়ক এনামুল হককে আবেদনকারীদের কাছ থেকে ঘুষ নিতে দেখা যায়। এ ঘটনার এ ঘটনার প্রতিবাদ ও সাংবাদিকের বিচারের দাবিতে ভুক্তভোগী সাধারণ কৃষকের ব্যানারে কৃষি বিপণন কার্যালয়ের সামনে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের সোমবার বিকেল থেকে রাত অবধি মুঠোফোনে যোগাযোগ করা হয়। তাদেরকে সাক্ষাতের উদ্দেশ্যে বিপণন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। সাক্ষাতের জন্য কৃষকেরা কার্যালয়ে এলে তাদেরকে জানানো হয়, অফিস নিয়ে এক সাংবাদিক মিথ্যা নিউজ করেছে। এতে করে পেঁয়াজ সংরক্ষণ ঘরের প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তাহলে জেলার সমস্ত কৃষক ঘর পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। এই প্রকল্প রক্ষার জন্য মানববন্ধন ও স্মারকলিপি পেশ করতে হবে। নইলে প্রকল্প বাতিল হয়ে যাবে। সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই বিষয়টি অবহিত করার পর ৬০-৭০ জন কৃষক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কৃষক রাশেদ খান বলেন, পেঁয়াজ সংরক্ষণ করার জন্য ঘর নিজের টাকায় করতে গেলে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকার মতো খরচ হবে। এই কারণে ঘরের জন্য আবেদন করেছিলাম। গতকাল আমার কাছে অফিস থেকে ফোন করেছিল। আমার কাছে জমির দলিলের ফটোকপি, জমির পর্চা ও আইডি কার্ড জমা দেওয়ার জন্য মঙ্গলবার সকালে আসতে হবে। সেটা জমা দিতে অফিসে এসেছিলাম। এসে দেখি অফিসের সামনে অনেক মানুষ। মানববন্ধন হচ্ছে। আমাদের দাঁড়াতে বলা হলো। তবে কী কারণে মানববন্ধন হচ্ছে সেটা জানি না। সবাই দাঁড়িয়েছে তাই আমিও দাঁড়িয়ে ছিলাম। পরে ডিসি অফিসে নিয়ে গেলো।আরেক কৃষক বলেন, ঘরের প্রকল্প নিয়ে একটা ঝামেলা হয়েছে। এ কারণে সবাইকে অফিসে আসতে হবে। দেখা করতে হবে। অফিস থেকে বলছে আপনারা আসেন দেখা করতে হবে। সেজন্য আসছি। আমাদের দিয়ে সইটই করানো হলো। এরপর দেখি অনেকে মানববন্ধনে দাঁড়িয়েছে। আমাকেও দাঁড়াতে বললো। সবাইকে দাঁড়াতে দেখে আমিও দাঁড়িয়ে গেছি।প্রায় একই কথা বলেন অন্তত ৮/১০ জন কৃষক। এদের অধিকাংশের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায়।এদিকে দেশ রূপান্তরের সাংবাদিক হালিম বাবুর বিরুদ্ধে মানববন্ধন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা বলেন, কৃষি বিপণন কার্যালয়ের অনৈতিক লেনদেনের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এভাবে প্রকৃত ঘটনাটি ধামাচাপা বা শাক দিয়ে মাছ ঢাকা যায় না।প্রসঙ্গত, কৃষি বিপণন অধিদপ্তরের দেয়া গণবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২২ মে, ২০২৫ কৃষি বিপণন অধিদপ্তর কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কয়েকটি জেলাসহ রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ২৫ ফুট-১৫ ফুট বিশিষ্ট মডেল ঘর বাঁশ, কাঠ, টিন ও আরসিসি পিলার দ্বারা তৈরি ঘর নির্মাণ করা হবে। মডেল ঘর পেতে আগ্রহী পেঁয়াজ ও রসুন চাষীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ কপি ছবি ও জমির পর্চা, স্বহস্তে লিখিত আবেদন জেলা বিপণন কার্যালয়ে ১৯ জুন, ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে বলা হয়। ১৯ জুন (বৃহস্পতিবার) আবেদনপত্র জমার শেষ দিন ছিল। আবেদনপত্র জমা দেওয়ার সময় কৃষকদের কাছ থেকে অনৈতিকভাবে প্রতিজনের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা হাতিয়ে নেয়। আবেদন বাতিলের ভয়ে কৃষকেরাও টাকা জমা দিতে বাধ্য হন।টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা যাচাই করতে সাংবাদিক হালিম বাবু একটি আবেদনের কপি নিয়ে জেলা বিপণন অফিসে গেলে আবেদনপত্রটি জমা দেওয়ার সময় তার কাছ থেকে ২০০ টাকা চান এক কর্মচারী। পরে তিনি ২০০ টাকা আবেদনপত্রের সাথে জমা দিয়ে আসেন। এরপর প্রায় দুই ঘণ্টা ঐ প্রতিবেদক কৃষি বিপণন কার্যালয় ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করে একাধিক কৃষকের সাথে কথা বলেন। তাদের প্রত্যেকের কাছে ৩০০ টাকা দাবি করেন অফিস সহায়ক মো. এনামুল হক। ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এক কৃষক তার আবেদনপত্রটি অফিস সহায়ক এনামুল হকের কাছে জমা দিয়েছেন। এনামুল হক আবেদনপত্রটি একটি রেজিস্ট্রি খাতায় তথ্য লিপিবদ্ধ করছেন। এসময় ওই কৃষক তার পরিধান করা পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে হাতের ভেতর রেখেছেন। খাতায় লিপিবদ্ধ করা শেষ হলে হাত পেতে ওই কৃষকের কাছ থেকে টাকা নিচ্ছেন অফিস সহায়ক এনামুল হক। টাকা নেওয়ার একাধিক ভিডিও রয়েছে।রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মদ বর্তমানে ছয় মাসের প্রশিক্ষণে রয়েছেন। ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রশিক্ষণে থাকায় কিছু বলতে পারছি না। একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করুন।’অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, ‘আমি বর্তমানে পাবনা জেলায় দায়িত্বে আছি। তবে রাজবাড়ীতে আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। রাজবাড়ী গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ Read more

ইউএস ওপেনের ফাইনালে অ্যানিসিমোভা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে অ্যানিসিমোভা, প্রতিপক্ষ সাবালেঙ্কা

ইউএস ওপেনের নারী এককে নেয়োমি ওসাকাকে হারিয়ে ফাইনালে উঠলেন মার্কিন টেনিস তারকা আমান্ডা অ্যানিসিমোভা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসরের সেমিফাইনালে মুখোমুখি হন Read more

পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি
পঞ্চম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা জানান, দাবির বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা। তবে বৈঠকে দাবি আদায় না হলে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন