মুন্সিগঞ্জের শ্রীনগরে সিএনজি ও কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ সাতজন আহত হয়েছেন।বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সিগঞ্জ সড়কের তন্তর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতরা সবাই সিএনজির চালক ও যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে গর্ভবতী নারী নাসরিন (৩০)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।আহতরা হলেন—সিএনজিচালক ফকির চাঁন (৫০), মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার (৬০), রাশিদা (৫০), রাসেল (১৬), মিন্টু হাওলাদার (২৮), নাসরিন (৩০) এবং নিরব হাওলাদার (১৬)। তারা দুই পরিবারের সদস্য বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিএনজিটি মুন্সিগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়দের দাবি, পিকআপটি চালক কৃষ্ণ (৫২) ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং এ সময় রাস্তায় ডান পাশে (রং সাইডে) চলে আসেন। অন্যদিকে সিএনজিটির বাম পাশে খাল থাকায় খাদে পড়ে যাওয়ার আশঙ্কায় চালক দ্রুত ডান দিকে সরে গেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ চালককে আটক করে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। চালক কৃষ্ণের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
