নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম প্রধান প্রবেশদ্বার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে যেকোনো প্রকার যানবাহন থেকে অবৈধ টোল আদায় স্থায়ী ও সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিভিন্ন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে নলচিরা ঘাট পরিদর্শন করে এই নির্দেশনা প্রদান করে হাতিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, দীর্ঘদিন ধরে একশ্রেণীর কথিত ইজারাদাররা বাজার ইজারা নামে চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটের প্রবেশমুখে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ ছিল সাধারণ যাত্রী ও চালকদের পক্ষ থেকে। জনস্বার্থ বিবেচনা করে এবং যাত্রী হয়রানি বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি জানান, বাজার ইজারার নামে তাদের বলে দেওয়া হয়েছে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো প্রকার যানবাহন থেকেই প্রবেশপথে বাড়তি কোনো টাকা বা টোল নেওয়া যাবে না। এই ঘোষণা সাময়িক নয়, বরং স্থায়ীভাবে কার্যকর থাকবে।তিনি আরও বলেন, যদি কেউ এই নির্দেশনা অমান্য করে অবৈধভাবে টোল আদায়ের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘোষণার পর থেকে স্থানীয় বাসিন্দা আরমান নামে এক যাত্রী জানান, উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, এই সিদ্ধান্তের ফলে ঘাটে যাতায়াতের খরচ কমবে এবং হয়রানি বন্ধ হবে।এ দিকে এক সিএনজি চালক জানান, দীর্ঘদিন ধরে তারা আমাদের কাছ থেকে বাজার ইজারার নামে টোল নিচ্ছে। এই টোল দিতে অস্বীকার করলে তারা নানাভাবে আমাদেরকে হয়রানি করত। আমরা উপজেলা প্রশাসনে এমন সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
