যশোরের এক তরুণীকে বিয়ের প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ধর্ষণ মামলা তুলে নিতে চাপপ্রয়োগ ও জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। আসামিপক্ষের হুমকিতে ভুক্তভোগী চরম নিরাত্তাহীনতায় ভুগছেন। শনিবার (৪ এপ্রিল) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঐ তরুণী এই অভিযোগ করেন। যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা ভুক্তভোগী তরুণী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায় ও বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করে। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সালসহ তার পরিবারের সদস্যরা ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে তাকে জোর করে বিষ খাইয়ে দেন। এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি মামলা করেন। এরপর থেকে আসামিপক্ষের নানা হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিএম
Source: সময়ের কন্ঠস্বর
