কক্সবাজার সদর উপজেলার এক প্রাকৃতিক বেষ্টনী- নদীঘেরা শান্ত জনপদ ভারুয়াখালী। সামনে বিস্তীর্ণ জোয়ারি খাল, ওপারে খুরুশকুল ও চৌফলদণ্ডী। মাত্র কয়েক শ মিটার পানি পথের দূরত্ব হলেও যোগাযোগ যেন আকাশ-পাতালের ফারাক। শহর থেকে হাতছানি দেওয়া এ ইউনিয়নে যেতে আজও মানুষের ভরসা রামু কিংবা ঈদগাঁও হয়ে দীর্ঘপথের ক্লান্তিকর যাত্রা। পাড়ি দিতে হয় ৩০ থেকে ৩৫ কিলোমিটার রাস্তা, আরোহন করতে হয় তিনটি ভিন্ন গাড়িতে।কিন্তু সেই জোয়ারি খালের ওপর মাত্র ৪০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু বদলে দিতে পারে পুরো চিত্র। একটি সেতুই কমিয়ে দিতে পারে ১৭ থেকে ২০ কিলোমিটার পথ, খুলে দিতে পারে সরাসরি খুরুশকুল হয়ে জেলা সদরের সহজ রাস্তা। তাহলে নদীর এ পাড়ের মানুষকে আর আর্তনাদ করতে হবে না সড়ক ভোগান্তি আর যানবাহনের জটিলতায়; বদলাবে লাখো মানুষের জীবন-যাপন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, এমনকি জরুরি মুহূর্তের ভাগ্যও।স্বপ্নটা ছোট নয়- তবে প্রয়োজন সামান্য বিনিয়োগ আর কার্যকর সিদ্ধান্ত। জোয়ারি খালের সে সেতুটি নির্মিত হলে এক লাফে বদলে যাবে ভারুয়াখালীর ভাগ্যচিত্র।বিগত সরকারের মাঝামাঝি সময়ে তৎকালীন হুইপ সাইমুম সরোয়ার কমলের প্রচেষ্টায় ২০১৭ সালে একনেকে অনুমোদন পায় স্বপ্নের ‘খুরুশকুল-ভারুয়াখালী সেতু’ প্রকল্প। ২০২১ সালে শুরু হয় দু’পাড়ের লাখো মানুষের স্বপ্নের সেতুর নির্মাণ কাজ।এতে উপকূলীয় এ অঞ্চলের লবণ ও চিংড়ি চাষিদের মাঝে আশার সঞ্চার হয়। ব্রিজ পার হয়ে মাত্র নয়-দশ কিলোমিটার পথ পাড়ি দিয়েই পৌঁছানো যাবে জেলা শহরে। কিন্তু কাজ শুরুর প্রায় পাঁচ বছর হতে চললেও আজও আলোর মুখ দেখেনি জোয়ারি খালের ব্রিজ। ২০২৩ সালে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও বারবার মেয়াদ বাড়িয়েও কাজের গতি ফেরানো যায়নি। ফলে জরুরি যাতায়তকারীদের ছোট খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে পার হতে হয়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজার কার্যালয় সূত্র মতে, ২০১৭ সালে একনেকে অনুমোদন পায় ৩৯২ মিটার দীর্ঘ ভারুয়াখালী-খুরুশকুল সেতু প্রকল্প। দুই দফা দরপত্র আহ্বানের পর ২০২১ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে তমা কনস্ট্রাকশন ও এম এ জাহের লিমিটেড। চুক্তি অনুযায়ী ৩৬ কোটি ২৮ লাখ টাকায় ২০২৩ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে দুই দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। সেতুর ১৩টি স্প্যানের মধ্যে আটটি স্থাপন সম্পন্ন হয়েছে। তবে মূল খালের ওপর এখনো কাজ শুরু হয়নিসম্প্রতি প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, সেতুর একাংশে কাজ করছেন মাত্র চারজন শ্রমিক। নির্মাণের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আনিসুর রহমান কথা বলতে রাজি হননি। দ্রুত কাজ শেষ করে ব্রিজটি ব্যবহার উপযোগী করতে নির্মাণাধীন ব্রিজের ভারুয়াখালী অংশে মানববন্ধন করেছেন এলাকাবাসী।সূত্রের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কুমিল্লা পাঁচ আসনের সাবেক এমপি এম এ জাহের আত্মগোপনে যাওয়ার পর থেকেই প্রকল্পে স্থবিরতা নেমে এসেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জমি অধিগ্রহণের জটিলতাও।স্থানীয় বাসিন্দা রাজিবুল হক রাজু জানান, ‘পেশাগত কারণে গ্রামের অনেকে শহরে বাস করেন। আমাদের ইউনিয়নকে ঘিরে রেখেছে জোয়ারি খাল বা বাইরের খাল। প্রয়োজনের নিরিখে গ্রামে আসতে প্রায় ৩৫-৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একাধিক গাড়ি বদল করে আসতে হয়। সেতুটি ব্যবহার উপযোগী হলে শহরের সঙ্গে প্রায় ২০-২৫ কিলোমিটার রাস্তা কমে যাবে।’মাদরাসা শিক্ষক রুহুল আমিন বলেন, ‘যাতায়াত ভোগান্তির কারণে এলাকার শিক্ষার্থীদের শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। সেতুটি পুরোপুরি শেষ হলে এলাকার শিক্ষার্থীরা জেলা শহরের স্কুল-কলেজ মাদরাসায় সহজে যাতায়াত সুবিধা পাবে। নিয়মিত বাড়ি থেকে যাওয়ার সুযোগ পাবে। ভোগান্তি থেকে রেহাই পাবেন অসুস্থরা।’ভারুয়াখালীর সন্তান জেলা আইনজীবী সমিতির সদস্য মো. শওকত ওসমান বলেন, ‘এ সেতু ভারুয়াখালী-খুরুশকুল ইউনিয়নকে সংযুক্ত করলেও উপকার ভোগ করবেন আশপাশের পিএমখালী, চৌফলদণ্ডী, রামুর রশিদ নগর ইউনিয়নের অধিবাসীরাও। সেতুটি পরিপূর্ণ না হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত লবণ, চিংড়ি, শাকসবজির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। শিক্ষার্থী, মুমূর্ষু রোগী যথাযথ সময়ে সদরে পৌঁছাতে ব্যর্থ হন। যাতায়াত অসুবিধার ফলে ডাকাতি-ছিনতাইসহ নানা অপরাধের শিকার হতে হয়।’কাজের ধীরগতিতে হতাশা প্রকাশ করে ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ‘চারশ মিটার দৈর্ঘ্যের বড় ব্রিজে ৭-৮ জন লোক দিয়ে কাজ করালে তা সঠিক সময়ে বাস্তবায়ন হবে কি করে? কাজ শুরুর পর থেকেই স্বল্প সংখ্যক লোক দিয়ে কাজ করা হয়। ঠিকাদারকে দ্রুত কাজ করার তাগিদ দেওয়া হোক, অন্যথায় তাকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হোক।’কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, ‘ঠিকাদারের সঙ্গে আমার কথা হয়েছে। উনি পর্যাপ্ত লোকবল নিয়োগ করবেন বলে আশ্বস্ত করেছেন। শিগগিরই সেতুতে বসানো হবে নবম স্প্যান। আশা করছি আগামী বছরের জুনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো

দোহায় ইসরায়েলি হামলার পর আগামী ১৫ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র Read more

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

ভারতে শক্তিশালী ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সেই ক্ষেপণাস্ত্র ভারতে সফলভাবে আঘাত হানে। এর আগে দিনের প্রথম প্রহরে ফাতাহ-১ Read more

বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি
বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি

৯ মাস আগে ফারুক আহমেদের কাউন্সিলর পদ দিয়ে বিসিবিতে আসার সুযোগ করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বছর না ঘুরতে তা Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

সুদানে ড্রোন হামলায় নিহত মমিনুল ইসলামের দাফন সম্পন্ন
সুদানে ড্রোন হামলায় নিহত মমিনুল ইসলামের দাফন সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের উলিপুরের সেনাসদস্য মমিনুল ইসলামকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।রবিবার (২১ Read more

Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen
Wazamba Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen

Ein Online-Casino wirkt auf den ersten Blick oft wie eine Spielhalle, die in eine Hosentasche gezogen wurde. Doch zwischen bunten Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন