গাজীপুরের কোনাবাড়ীতে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে মহানগরীর কোনাবাড়ী থানাধীন কদ্দুসনগরের কাঁঠাল বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ জানায়, কদ্দুসনগরের রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ এবং ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।গ্রেপ্তারকৃতরা হলেন— কোনাবাড়ী এলাকার দেলু মিয়ার ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অহিদ মিয়ার ছেলে উজ্জ্বল (৪০)।মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম, উত্তর) এস এম শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার একটি চৌকস দল রাসেদুলের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব মাদক গাজীপুরে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
