করণ জোহর পরিচালিত তৃতীয় সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’। ২০ বছর পর সিনেমাটি নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক। জানালেন, এ গল্প নতুন আঙ্গিকে আবার ফিরিয়ে আনছেন তিনি। তবে সিনেমা নয়, আসবে ওয়েব সিরিজ হিসেবে।সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, কাভি আলবিদা না ক্যাহনাকে দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। পরিচালক বলেন, ‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। শিগগির কাজ শুরু হবে।’পরিচালকের মতে, এই গল্প বর্তমান সময়ে সিরিজের ফরম্যাটে বলার জন্য আরও বেশি উপযুক্ত। তবে এটি শুধু মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতা আরও গভীরভাবে তুলে ধরা হবে।তবে নতুন সিরিজে শাহরুখ খান, রানি মুখার্জি কিংবা প্রীতি জিনতার জায়গায় কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি করণ।২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় বিবাহবহির্ভূত সম্পর্ক, দাম্পত্যের অশান্তি এবং মানসিক দূরত্বের মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছিল। সে সময় বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হলেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাকে।কাভি আলবিদা না ক্যাহনায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা ও অভিষেক বচ্চন। এ ছাড়া বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরণ খের। ওই সময় ভারতে ৪৫ কোটি ও বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
