কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। ঘটনাটির রহস্য জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তবে ক্লুলেস ঘটনাটিতে র্যাবের অভিযান চলমান থাকায় নিরাপত্তার স্বার্থে তাদের নাম-পরিচয় কিংবা অন্যকোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।র্যাব অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ক্লুলেস ঘটনাটিতে জড়িতদের গ্রেপ্তার করেছি। তবে নিরাপত্তার স্বার্থে আমরা এখনই কোনো তথ্য জানাতে চাই না। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে সকল রহস্য জানানো হবে।প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে পরদিন শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর রাজগঞ্জ পানপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন কুমিল্লা কাস্টমস অফিসে কর্মরত ছিলেন তিনি। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার ডুমুরিয়া এলাকার সুশীল বৈরাগীর ছেলে। ৪১তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস, ভ্যাট এক্সসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। পরিবারে তার স্ত্রী বাবা-মা ও ১ বছরের ছেলে সন্তান রয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
