পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা-বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে সারওয়ারদী (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে এই ঘটনা ঘটে।নিহত সারওয়ারদ্দী ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলামের ছেলে জাহেরুল ইসলাম (৪৩)। তারা বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে সারওয়ারদ্দী চা-পাতা সংগ্রহ করতে বাগানে যান। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন।সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন। তবে পথেই সারওয়ারদীর মৃত্যু হয়। আহত দুইজনকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, সারওয়ারদীই, ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তায় পড়ে গেছে।ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
