সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সিলটি পাঞ্চায়িত’। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি শুরুতেই তাদের কর্মসূচি বাস্তবায়নে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ভাষাগত দাবিসহ বিভিন্ন বিষয়ে জনসভা করতে চাইলে পুলিশ শর্তসাপেক্ষে অনুমতির কথা জানায়। এর প্রতিবাদে তারা জনসভা স্থগিত করেন।লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ২০২২ সালে যাত্রা শুরু করা ‘সিলটি পাঞ্চায়িত’ এর অন্যতম দাবি সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। তিনি উল্লেখ করেন, বাংলা বাদে সিলেটের নিজস্ব বর্ণমালা (সিলটি নাগরী লিপি) আছে। বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশের উদাহরণ টেনে তিনি সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল বা রাষ্ট্রভাষা করার দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘সিলটি পাঞ্চায়িত’ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। ১৮ এপ্রিল জনসভার অনুমতি না দিয়ে পুলিশ তাদের সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। বর্তমান সরকার তাদের এই ন্যায্য দাবি মেনে না নিলে তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এ বিষয়ে আবেদন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ রীহান জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
