উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে হবিগঞ্জ জেলাজুড়ে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিষয়ে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র উদ্যোগে হবিগঞ্জ শহরে মাইকিং করা হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে সারাদিন হবিগঞ্জ শহরসহ জেলাজুড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটেছে। উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ। লাইনের কাজ বিকেল ৫টার মধ্যেই শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। পিডিবি সূত্র জানায়, শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।‘গ্রিডভিত্তিক বিদ্যুৎ সরবরাহের দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপকেন্দ্রে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন, যন্ত্রপাতি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। কাজগুলো সম্পন্ন হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ঘন ঘন লোডশেডিং ও ভোল্টেজ সমস্যার উন্নতি ঘটবে।এতে উন্নয়ন কাজের কারণে বিদ্যুৎ বিভ্রাটে শহরের ৭টি ফিডার এলাকায় দৈনন্দিন কাজসহ ব্যবসা প্রতিষ্ঠানে অসুবিধা হলেও তা মেনে নিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ। পিডিবি জানায়, জেলায় ৬ লাখ গ্রাহকের মধ্যে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটসহ বিভিন্ন উপজেলার প্রায় এক লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। হবিগঞ্জ পৌর এলাকার প্রায় ৫০ হাজার গ্রাহকসহ জেলার ৯টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
