কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় সাবেক স্বামীকে নিতে গিয়ে এক নারী আটক হয়েছেন। এ সময় একটি মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জেসমিন আক্তার জুই (২৪) নামের এক নারী ভাড়া করা মাইক্রোবাসে করে তার সাবেক স্বামী নজরুল ইসলামকে (২৬) নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় চালকসহ তিনজন আহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। পরে ভোর ৪টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা টাংরাপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার জুই এবং ফুলবাড়ীর আক্তার হোসেনের ছেলে নজরুল ইসলাম প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেছিলেন। পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।প্রতিবেশী এমদাদুল হক জানান, প্রায় এক বছর আগে ঢাকায় গিয়ে তারা বিয়ে করেন। শুরুতে ছেলের পরিবার বিষয়টি না জানলেও পরে জানাজানি হলে আপত্তি ওঠে। একপর্যায়ে উভয়ের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে তালাকের পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। ওই নারী তার সাবেক স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা তাদের আটক করে মাইক্রোবাসে হামলা চালায়।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামছুদ্দিন ব্যাপারী বাবলা বলেন, “বিবাহবিচ্ছেদের পর ওই নারী সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এরপরই আটকের ঘটনা ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়।”সাবেক স্বামী নজরুল ইসলাম ও জেসমিন আক্তার জুঁইয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
