রাজশাহীর বাঘা উপজেলায় অবস্থিত সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতন-এর অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য নতুন খাবার ঘর (ডাইনিং রুম) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আবু সাইদ চাঁদ। এ সময় তিনি বলেন, অনাথ শিশু ও বৃদ্ধরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং নানা কারণে তারা আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হন। তাদের কল্যাণে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।ডাইনিং রুম নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক শামছুল আলম বিশেষ অতিথির বক্তব্যে জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে ২০২৪ সালে তিনতলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ওয়াশরুম এবং নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রতি সপ্তাহে দুই দিন (শুক্রবার ও শনিবার) এমবিবিএস চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম। এসময় আরও বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত সামশুদ্দিন সমেশ ডাক্তারের সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।জানা গেছে, নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার তার স্ত্রী ও স্থানীয় বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হন। বর্তমানে এখানে ১০৭ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু এবং ২৬ জন বয়োবৃদ্ধ (পুরুষ ও মহিলা) বসবাস করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল।এই নতুন ডাইনিং রুম নির্মাণ সম্পন্ন হলে আশ্রমের বাসিন্দাদের খাবার গ্রহণে আরও সুবিধা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
