দিনাজপুরের বিরামপুর উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির রোপিত ধানে ‘বনমারা’ বিষ স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামে গিয়ে ধানের পুড়িয়ে যাওয়া এ দৃশ্য দেখা যায়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রেজুয়ান মন্ডল (৫৮) বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমাইল গ্রামের বাসিন্দা রেজুয়ান মন্ডল তার পৈত্রিক ও ক্রয়কৃত হেড়মা মৌজার ৫০ শতক জমিতে চলতি মৌসুমে ২৯ জাতের ধান চাষ করেছিলেন। ধান গাছগুলো যখন পরিপক্ব হয়ে উঠছিল, ঠিক সেই মুহূর্তে গত ১৯শে এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে অভিযুক্তরা ওই জমিতে আগাছানাশক বা ‘বনমারা’ বিষ স্প্রে করেন।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও অভিযোগের সাক্ষীদের মাধ্যমে খবর পেয়ে কৃষক রেজুয়ান মন্ডল ঘটনাস্থলে গেলে বিবাদী পক্ষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। বিষ প্রয়োগের ফলে ধান গাছগুলো দ্রুত মরে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এই ন্যাক্কারজনক ঘটনায় তার প্রায় ৯৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।ভুক্তভোগী কৃষক রেজুয়ান মন্ডল বলেন, “বিবাদীগণ দীর্ঘদিন ধরে আমার এই জমি জবরদখলের চেষ্টা করে আসছিল। তাতে সফল না হয়ে তারা রাতের অন্ধকারে বিষ দিয়ে আমার সোনার ফসল পুড়িয়ে দিয়েছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।”এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর
