চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর ‘মিনি কক্সবাজার’ নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় আজ বিকেল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃতরা হলেন— ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বান্দিঘর গ্রামের সুর জামালের পুত্র মো. জীবন সরকার (২৬) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সিংহল মুড়ি গ্রামের তহিজুদ্দিনের পুত্র জাহিদ ইসলাম (৩২)। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সুজন আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
