যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া সরাসরি কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক। এতে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট পি খোরভ এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় রাশিয়া কোনো ‘সরাসরি মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করছে না।’ তবে তিনি সুস্পষ্টভাবে ইঙ্গিত দেন, মস্কো পরোক্ষভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর দ্য ডনের।তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যে ‘অপ্ররোচিত সশস্ত্র আগ্রাসন’ শুরু হয়েছে, তার পর থেকেই রাশিয়া ধারাবাহিকভাবে উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে।’ রুশ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, মস্কো সবসময়ই সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করেছে। ‘বিশেষ করে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা এবং উপসাগরীয় অঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে-এমন সব কার্যক্রম দ্রুত বন্ধ হওয়া জরুরি,’ যোগ করেন তিনি।সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আবারও সামনে চলে এসেছে। এর পাশাপাশি ইসরায়েলও ইরানবিরোধী অবস্থান জোরদার করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। চীন ও ইউরোপীয় দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানালেও, রাশিয়া নিজেকে সরাসরি মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন না করে বরং উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে।বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থান একদিকে যেমন কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা, অন্যদিকে আঞ্চলিক প্রভাব বজায় রাখার একটি কৌশলও হতে পারে।এবি
Source: সময়ের কন্ঠস্বর
