বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে সমঝোতা করার কোনও সুযোগ নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমদু চৌধুরী। তিনি বললেন, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনও প্রশ্ন আসেনি। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক, স্টেবিলিটি নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। শেয়ার বাজার লুটপাট নিয়েও প্রশ্ন ওঠেনি। বিএনপির রাজনীতিতে পরিকল্পনায় সমঝোতার কোনও সুযোগ নেই।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সংসদে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একা ৯২ হাজার ১১৫ কোটি টাকা খেলাপি ঋণের ধারক, যার প্রায় ৮০ হাজার কোটি টাকা এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের প্রায় ২৫ হাজার কোটি টাকা খেলাপি রয়েছে। এস আলম ও বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সরকার কতগুলো দেশে আইনি পদক্ষেপ নিয়েছে এবং চলতি অর্থবছরে কী পরিমাণ অর্থ সম্পদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে?এই প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে পালিয়ে গিয়েছে সবার বিরুদ্ধে মামলা হয়েছে। এ জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে নিয়োগ করেছি। পাচার করা টাকা উদ্ধারের জন্য একদিকে জি টু জি ভিত্তিতে কাজ করছে সরকার, অন্যদিকে রিকভারি ফার্মগুলোও ব্যক্তিগতভাবে কাজ করছে। আশা করছি আগামী দিনে এসব টাকা উদ্ধার করতে পারব।
Source: সময়ের কন্ঠস্বর
