সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মনসুর আলী কলেজে ১৬৪ আসন বিশিষ্ট আধুনিক ছাত্রাবাস ও ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনা দুটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।পরে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভায় অংশ নেন প্রধান অতিথি। এতে সভাপতিত্ব করেন কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কলেজটিকে এগিয়ে নিতে সব ধরণের সহযোগিতা করা হবে। মসজিদ নির্মাণ, মাঠ খেলার উপযোগী করে তোলা হবে। সবার আগে আমার কাজীপুর। এই কলেজকে আমি বিভাগের মধ্যে প্রথম সারিতে নিতে চাই।’এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য সেলিম রেজা বলেন, ‘তোমাদের মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। এখনও অনেক সময় আছে, তোমরা পড়ার টেবিলে যাও। পরীক্ষায় কোন প্রকার নকলের সুযোগ পাবে না।’সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের সম্মননা স্মারক প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।এর আগে বিএনসিসির পক্ষ থেকে প্রধান অতিথিকে গার্ড অব অনার দেয়া হয়। পরে কলেজের গ্রন্থাগার পরিদর্শন করেন সংসদ সদস্য সেলিম রেজা।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
