বান্দরবানের আলীকদম উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজ সংলগ্ন ১নং ভিউ পয়েন্ট এলাকায় আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, কুরুকপাতা বাজার থেকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদমের দিকে আসছিল। পথে চালকের চোখে পোকা ঢুকে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন ও একটি সিএনজি চালকের সহায়তায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব ম্রো (৭০) নামে এক যাত্রী মারা যান। তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।আহতরা হলেন মোটরসাইকেল চালক রিংরাউ ম্রো (২০), তিনি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়া এলাকার বাসিন্দা এবং অপর যাত্রী লংপং ম্রো (৩৫), তিনি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়া এলাকার বাসিন্দা।বর্তমানে আহত দুইজনের চিকিৎসা চলমান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন,বাইক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
