সংসার সুখের করতে হলে নারী ও পুরুষ উভয়ের সমান অবদান থাকতেই হবে। নারী-পুরুষ দুজনেই সমানভাবে ব্যস্ত। তাই ব্যস্ততা ভরা সময়ে নিজেদের জন্য সময় বের করা বেশ কঠিন। কিন্তু এর মাঝেই একটু সময় বের করে নিলে সম্পর্ক হয় সুন্দর। তেমনি একটি দিন আজ। আজ এপ্রিলের তৃতীয় শনিবার। আলাদাভাবে আজকের দিনটি স্বামীদের জন্য বিশেষ! আজ স্বামীর প্রশংসা করার দিন; ইংরেজিতে বললে, ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’। সংসারে স্বামীকে নানাভাবে কৃতজ্ঞতা প্রকাশের জন্যও এমন একটি দিন কিভাবে পালন করা যেতে পারে ভাবুন।দিবসটি যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। তবে সে দেশের জাতীয় দিবস হলেও কারো উদযাপন করতে বাধা নেই। তাই চাইলে আপনি আজকের দিনটি উদযাপন করতে পারেন। ছোট্ট কিংবা বড় আকারে স্বামীর প্রশংসা করতে পারেন। তাতে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। বরং সম্পর্কের রসায়নটা আরও ভালো হবে। আর এই সম্পর্কগুলোই আমাদের হাসিমুখে বেঁচে থাকার রসদ জোগায়।কিন্তু কীভাবে দিবসটি উদযাপন করবেন? একদম ঘরোয়া ভাবেই করতে পারেন। স্বামীর কোনো একটি গুণের প্রশংসা করুন। তার পছন্দের কোনো খাবার রান্না করুন। কিংবা বিকেলের অবসরটুকু তার সঙ্গে কাটাতে পারেন। এজন্য দূরে-কাছের কোথাও ঘুরতে যেতে পারেন। সব দিবস কি আর সবার মনে থাকে? না সবাই জানে? আজ অবশ্য জানিয়ে চমকে দিতে পারেন। স্বামীকে প্রশংসা করুন অনেক। দেখবেন এক সময় সে সরু চোখে কারণ জানতে চাইবে। আহ্লাদি আপনি তখন তাকে জানান আজ কি দিবস। দুজনে প্রাণখুলে একটু হাসলেনই। মন্দ হয় না। স্বামীকে এদিন সারপ্রাইজ দিতে পারেন। ঘরের যে কোনো স্থানে একটি নোটে প্রেমবার্তা লিখে রাখতে পারেন। চাইলে উপহার দিয়েও তার প্রশংসা জানাতে পারেন।ছুটি দিন তাকে: আজকের দিনে তাকে ছুটি দিন। বাইরে কিছু কিনতে হবে? দুজন একসঙ্গে যান। ঘরের কোনো কাজও তাকে দেয়ার দরকার নেই। আজ তার ছুটি। বলুন আজ তুমি আইপিএল দেখোগে। ইচ্ছেমতো বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা দেখতে বা কোনো খেলা দেখতে যেতে বলতে পারেন। তার ইচ্ছেমতো সময় কাটানোর জন্য ছুটি দিন।প্রিয় খাবার রান্না করুন: বিশেষ কিছু রান্না করুন। বাড়িতে ঢুকে উপলক্ষ্য জানতে চাইলে একটু রহস্য করুন। তাকে সব জানান অনেক পরে। এও চমকে দেয়ার আরেক অজুহাত।স্বামীকে সময় দিন: ব্যস্ত তো সবাই। নারীর জন্য কর্মব্যস্ততা আরও বেশি। তবে আজকে দুজন নিজেদের জন্য সময় বের করুন। কিছু কাজ কালকে একটু চাপ দিলেও আজ সময় করে নিন। তাতে তো সমস্যা নেই। দুজনে মিলেই আজ কিছু করুন। পরিকল্পনা করুন কোথাও না গেলেও। বছরের কোনো একটি দিন কখনোই স্বামী বা স্ত্রীর প্রশংসার জন্য হতে পারে না। প্রতিদিনই প্রশংসা করা যেতে পারে। বিশেষ এ দিনে স্বামীকে প্রেমের কথা বলুন। পুরোনো দিনগুলোর কথা স্মরণ করে তার প্রশংসা করুন।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
