বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ এপ্রিল শুরু হবে। চার দিনব্যাপী এই ভর্তি কার্যক্রম ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ থেকে ২৫ এপ্রিলের মধ্যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে। পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট, পে-স্লিপ তৈরি হবে যা ডাউনলোড করে এ ফোর (A4) সাইজের কাগজে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন জমা দিতে হবে।বিজ্ঞপ্তি সুত্রে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত থেকে আগামী ২৬, ২৭,২৮ ও ২৯ এপ্রিলের যেকোনো দিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টার মধ্যে ভর্তি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।ভর্তি ফী সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকৃবিতে এই বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২১৪ টাকা। যেসব শিক্ষার্থী ইতোমধ্যেই অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছেন, তাদের নগদ অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদত্ত ১০ হাজার টাকা থেকে ভর্তি ফি কর্তন করার পর অবশিষ্ট টাকা শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
