মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলার সংবাদকর্মীরা। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, সংবাদকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা সাত কর্মদিবসের মধ্যে অভিযুক্ত কর্মচারীকে বরখাস্তের দাবি জানান। অন্যথায় মুন্সিগঞ্জের প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দেন তারা।সাংবাদিকদের দাবি, মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভির মুন্সিগঞ্জ স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক-সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩৮ বছর ধরে একই কর্মস্থলে থেকে ওই কর্মচারী ঘুষ ও অনিয়মের রাজত্ব কায়েম করেছেন। জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক তার দুর্নীতির শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তারা।মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশের প্রায় এক মাস পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জেলার সকল দপ্তরের সংবাদ প্রকাশ বন্ধ করা হবে।সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন চিহ্নিত দুর্নীতিবাজ। দ্রুত ব্যবস্থা না নিলে মুন্সিগঞ্জের সংবাদকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে কলম বিরতিতে যাবে।সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান, সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, ভবতোষ চৌধুরী নুপুর, মামুনুর রশিদ খোকা, সুমিত সুমন, তোফাজ্জল হোসেন শিহাব, ফরহাদ মিয়া, নাজির হোসেনসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
