দীর্ঘ বিরতির নিস্তব্ধতা ভেঙে আবারও সুরের মায়াজালে ফিরলেন বাংলা গানের জনপ্রিয় জাদুকর এস আই টুটুল। তবে এবার ফেরাটা শুধু নতুন গানে নয়, বরং এক বুক আবেগ আর স্মৃতিকে সঙ্গী করে। নতুন এই একক গান ‘চার দেয়ালে বন্দি’ প্রকাশ পেয়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।গানটির কথা লিখেছেন লিটন ঘোষ জয়। বরাবরের মতোই সুর, সংগীতায়োজন ও গানটির সার্বিক প্রযোজনায় ছিলেন খোদ এস আই টুটুল। তবে গানটির নেপথ্যে থাকা আবেগই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।এস আই টুটুল এই গানটি উৎসর্গ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং কিংবদন্তি ব্যান্ড ‘নগর বাউল’-এর প্রখ্যাত ড্রামার এহসান এলাহী ফান্টি-কে। একইসাথে সেই সমস্ত নিঃসঙ্গ মানুষদের কথা ভেবেছেন তিনি, যারা একাকীত্বের আড়ালে জীবন কাটান।অন্যদিকে, গীতিকার লিটন ঘোষ জয় তার লেখাটি উৎসর্গ করেছেন দেশের নন্দিত অভিনেত্রী তানিয়া আহমেদকে।এস আই টুটুলের কথায়, ‘চার দেয়ালে বন্দি’ তার অন্যান্য গানগুলো থেকে একটু অন্যরকম। যে ধরনের গান তাঁর পছন্দের তালিকায় সব সময় ছিল, সেসব গানের আদলে এটি তৈরি করা হয়েছে। তাই এই গানের ভিউ নিয়ে খুব একটা ভাবছেন না। স্বল্পসংখ্যক শ্রোতাও যদি গানটি পছন্দ করেন, তাহলেই এই প্রচেষ্টা সার্থক বলে মনে করবেন।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এস আই টুটুল। যে কারণে শ্রোতারা অনেক দিন এই তারকাশিল্পীর নতুন কোনো গান শোনার সুযোগ পাননি। তবে বিদেশ-বিভুঁইয়ে থেকে ভক্তদের কথা ভুলে যাননি টুটুল। যে কারণে নতুন করে গানের ভুবনে সরব হয়ে উঠেছেন।গত ঈদে প্রকাশ করেছেন ‘বন্ধু কেউ নয়’ ও ‘তুমি কৃষক ভালো না’ শিরোনামে দুটি একক গান। এর মধ্যে ‘বন্ধু কেউ নয়’ গানটি টুটুল উৎসর্গ করেছেন তাঁর প্রিয় শিক্ষক ও সংগীতগুরু, রক আইকন আইয়ুব বাচ্চুকে।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
