চট্টগ্রামের সব পরীক্ষাকেন্দ্রে নকল প্রতিরোধে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। তিনি প্রতিটি কেন্দ্রে প্রবেশমুখে নকল চেকআপের জন্য বিশেষ বুথ স্থাপন এবং প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশনা দেন।
শুক্রবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।
চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও ভয়ভীতিহীনভাবে সম্পাদনের লক্ষ্যে নানা প্রস্তুতি হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসময় তিনি পরীক্ষাকালীন বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে প্রতিটি কেন্দ্রে আইপিএস সংযোজনের জন্য সবাইকে নির্দেশনা দেন।সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।
আরও বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড.এ কে এম সামছু উদ্দিন আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ও চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী।
এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর
