যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকা। আটক সুজাউদ্দিন (৫২) ভারতের তামিলনাড়ুর বাসিন্দা।বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের সদর উপজেলার নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সুজাউদ্দিনকে আটক করে তার কাছ থেকে আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন জানান, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কোলকাতায় পাচারের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন। উদ্ধার ডায়মন্ড যশোরের একটি স্বর্ণ ও ডায়মন্ড বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে।ডায়মন্ড ছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
