শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত মো. মোশাররফ হোসেন উপজেলার শিধলকুড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রত্যাশী এবং স্থানীয়ভাবে থানার বাবুর্চি হিসেবে পরিচিত।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন নিজেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আপন ভাই পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনৈতিক তদবির করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদে নিজের মিথ্যা পরিচয়ের বিষয়টি স্বীকার করলে তাঁকে আটক করা হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ুবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ বিষয়ে ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “মোশাররফ হোসেন সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে আমাকে ফোন করে হুইপের ভাই পরিচয় দিয়ে অনৈতিকভাবে তদবির করেন। এতে সন্দেহ হলে তাঁকে দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মিথ্যা পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। পরে বিধি অনুযায়ী তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
