বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী ইতি চক্রবর্তী (৪৫) এবং নগরীর কাটপট্টি এলাকার ‘সুন্দরী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী পবিত্র মজুমদার (৫০)। ইতি চক্রবর্তী দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পবিত্র মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’-এর একটি বাস ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাটাজোর এলাকা অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় নিহত ইতি চক্রবর্তীর স্বামী গুরুদাস চক্রবর্তী (৪৫) ও তাঁদের মেয়ে উপমা চক্রবর্তীসহ (১৬) বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরে রেকার দিয়ে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছে কি না বা যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
