এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নির্মিত তিউনেশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে বাধা এসেছে।দ্য গার্ডিয়ান বলেছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতার’ কারণ দেখিয়ে সিনেমাটির প্রদর্শনীতে বাধা দিয়েছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ অভিযোগ করেছেন চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক।চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক সংস্থা ‘জয় বিরাত্রা এন্টারটেইনমেন্টে’র প্রধান মনোজ নন্দওয়ানা ভ্যারাইটিকে বলেছেন, গত ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলেন তিনি।কিন্তু সেন্সর বোর্ডের একজন সদস্য তাকে বলেছিলেন, এই চলচ্চিত্রটি মুক্তি পেলে ভারত-ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্কে ‘ফাটল ধরতে পারে’।এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন দেশটির একদল প্রভাবশালী সংসদ সদস্য (এমপি)। চিঠিতে জয়রাম রমেশ ও মনোজ কুমার ঝাসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সই করেছেন। তাদের দাবি, লিখিত আদেশ ছাড়া সিনেমা আটকে রাখা আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং এটি শৈল্পিক স্বাধীনতার ওপর আঘাত।অস্কার মনোনীত পরিচালক কাউথার বেন হানিয়া পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রশংসিত। এমপিদের মতে, সিনেমার বিষয়বস্তু সংবেদনশীল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তারা হুঁশিয়ারি দিয়েছেন, রাজনৈতিক বা অন্য কোনো কারণে নিয়মবহির্ভূতভাবে সেন্সরশিপ আরোপ করা গণতন্ত্রের জন্য শুভ নয়। বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ভারতের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন বৃদ্ধি পাওয়ায় এই রাজনৈতিক সমীকরণের কারণে হয়তো সেন্সর বোর্ড সিনেমাটি আটকে দিয়েছে।তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
