ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তবে উত্তাল সাগরে প্রায় দুই ঘণ্টা লড়াই করে বাবার মরদেহ নিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে তাঁর দুই সন্তান। শুক্রবার (২০ মার্চ) বিকেলে বয়ার চর এলাকা সংলগ্ন সাগর মোহনায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত নুরে আলম দক্ষিণ আইচা থানার চর মানিকা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত মজিবল হকের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নুরে আলম তাঁর দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। শুক্রবার বিকেল ৫টার দিকে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে উত্তাল ঢেউয়ের তোড়ে তাঁদের নৌকাটি উল্টে যায়। জীবন বাঁচাতে বাবা ও দুই ছেলে সাগরে ঝাঁপিয়ে পড়েন। দুই সন্তান প্রাণপণে তাঁদের বাবাকে নিয়ে তীরে ফেরার চেষ্টা করলেও একপর্যায়ে নুরে আলম নিস্তেজ হয়ে পড়েন। বাবার মৃত্যু নিশ্চিত জেনেও তাঁকে সাগরে ফেলে আসেনি সন্তানরা; প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার নিথর দেহ নিয়ে তাঁরা উপকূলে ফিরে আসে।স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত অসহায় এবং মাছ ধরেই তাঁদের জীবিকা চলত। প্রিয় বাবাকে হারিয়ে দুই সন্তান এখন স্তব্ধ ও বাকরুদ্ধ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নৌকাডুবির বিষয়টি আমরা জেনেছি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
