জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা হরিজন (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। সোমবার(১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আরও দুইজন পালিয়ে যায়। অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃত চম্পা হরিজন শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকার বাসিন্দা এবং মিঠুন হরিজনের স্ত্রী।অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, ক্যাপ্টেন ওয়ালিদ মুরাদ, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। এছাড়া অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ী চম্পা হরিজন দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
