ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ মধুমতি নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন নদী তীরবর্তী মানুষ। কেউ কেউ বাপ-দাদার ভিটে সরিয়ে অন্য জায়গা চলে যাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, বর্ষা মৌসুমে মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর, টিটা পানাইল, কুমুরতিয়া, ইকড়াইল ও টিটা গ্রামে মধুমতি নদী তীরবর্তী প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে কমপক্ষে পাঁচ একর বসতি ও দশ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এরই মধ্যে ইকড়াইল গ্রামের একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ২০ গজ দূরে রয়েছে মধুমতি নদী। যে কোনো সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানটিও বিলীন হয়ে যেতে পারে।এ সময় এ অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভাঙনের ঝুঁকিতে রয়েছে এই পাঁচ গ্রামের ১০টি মসজিদ, একটি কলেজ, দু’টি হাইস্কুল, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদরাসা, একটি কমিউনিটি ক্লিনিক, একটি সাব পোস্ট অফিস, দু’টি বাজার, ১০টি মৎস্য ঘের, পাঁচটি গবাদিপশুর খামার, কয়েকটি কাঁচা সড়ক, ঈদগাহ ও কবরস্থানসহ শতশত একর ফসলি জমি।এলাকাবাসীর দাবি, স্বল্প সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধ করতে না পারলে পাঁচটি গ্রামের সব কিছু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাবে।নদীভাঙনে গৃহহারা সুপ্তমতি মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মধুমতি নদী আমার ঘরবাড়ি, মন্দির, এমনকি বাঁচার শেষ আশ্রয়টুকুও কেড়ে নিল। এখন আমার ছেলে-মেয়ে নিয়ে কোথায় থাকবো?’ওই এলাকার বাসিন্দা কৃষক কাসেদ মল্লিক জানান, ‘এই পর্যন্ত মধুমতি আমার ভিটেমাটি ৯ বার ভেঙেছে। এবারও বুক কাঁপে—শেষটুকুও হয়তো রক্ষা হবে না।’শিকারপুর এলাকার বাসিন্দা মো. নিজাম শেখ বলেন, ‘ঘরবাড়ি-ভিটেমাটি হারিয়েছি। দুই একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি।’সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য (ইকড়াইল-কুমুরতিয়া) মাজারুল ইসলাম নয়ন বলেন, ‘এ পর্যন্ত এই এলাকার অর্ধশত মানুষের বসতঘর বিলীন হয়ে গেছে। শত শত একর আবাদি জমি ইতোমধ্যে নদীতে চলে গেছে। অবশিষ্ট বসতঘর, ফসলি জমি, বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে।’টগরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দা ইমাম হাচান শিপন জানান, ‘মধুমতি নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনও বেড়েছে। ভাঙন রোধে এখনই যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে এই অবহেলিত এলাকা মধুমতি নদীতে বিলীন হয়ে যাবে।’টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর চলতি বছরের ২৬ মে এলাকাবাসীর পক্ষ থেকে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের জন্য লিখিত আবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।’জানতে চাইলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সন্তোষ কর্মকার বলেন, ‘ইতোমধ্যে নদীভাঙন স্থানে আলফাডাঙ্গা প্রশাসনের লোকজন নিয়ে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘নদীভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। এছাড়া নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি
২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি

বিপিএল আয়োজনে পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রি নিয়ে দর্শকদের ক্ষোভ, জাতীয় দলের বাজে পারফরম্যান্সে বেশ চাপে রয়েছেন ফারুক। এরই মাঝে ফিক্সড Read more

বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে Read more

মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড
মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ Read more

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫
আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১, আহত ৫

আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের Read more

লোহাগাড়ায় অনুমোদনহীন করাতকলের ছড়াছড়ি
লোহাগাড়ায় অনুমোদনহীন করাতকলের ছড়াছড়ি

বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে লোহাগাড়ায় অবৈধ করাতকল ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। বন ও পরিবেশ বিভাগের তদারকি ও যথাযথ Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন