অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক জয়ের পর একাধিক পুরস্কারের ঘোষণা আসে দেশটির সরকারি-বেসরকারি পর্যায় থেকে। তবে প্রতিশ্রুত পুরস্কারের অনেকটাই এখনও অধরা রয়ে গেছে—এমন অভিযোগই করেছেন আরশাদ।সম্প্রতি পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে জমি দেওয়ার কথাও ছিল। সেগুলো একটাও আমি পাইনি। যদি না-ই দেবে, তা হলে ঘোষণা করার কোনও মানে নেই। আমি প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি। সকলে বলেছেন, বিষয়টা দেখছেন। কিন্তু এখনও কোনও জবাব পেলাম না। তবে হ্যাঁ, আর্থিক যা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা পেয়েছি।’প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে স্বর্ণ জেতার পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে সংবর্ধনার বন্যায় ভেসেছিলেন আরশাদ। পদক জেতার পর পাঞ্জাব প্রদেশের সরকার তাকে একটি গাড়ি দেয়, যার নম্বর পিএকে ৯২.৯৭, প্রতীকীভাবে তাঁর থ্রোয়ের দূরত্বকে স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে পাকিস্তান সরকার ১০ কোটি রুপি পুরস্কার হিসেবে দেয়। এমনকি শ্বশুরের কাছ থেকে তিনি একটি ষাঁড় উপহার পেয়েছেন বলেও জানান।তবে সরকার প্রতিশ্রুতি না রাখলেও তিনি তার লক্ষ্য থেকে সরকবেন না বলেই জানিয়েছেন আরশাদ। আগামী সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আপাতত বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। পাশাপাশি পাকিস্তান থেকে আরও জ্যাভলিন থ্রোয়ার তোলার চেষ্টা করছি। আমার কোচ সলমন বাট কিশোরদের প্রশিক্ষণ দিচ্ছেন। আমি আমার লক্ষ্যে অবিচল।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর
