ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং ফেডারেশন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। আজ বুধবার (১৬ জুলাই) ১৯ সদস্যের এই নতুন কমিটি ঘোষনা করেছে এনএসসি। নতুন কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত এই কর্মকর্তা এর আগেও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।কমিটিতে সহ-সভাপতি হিসেবে জায়গা পেয়েছেন, রোমো রউফ চৌধুরী এবং আব্দুস সালাম খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন নারী ক্রীড়া সংগঠক বেগম আলেয়া ফেরদৌস। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব হিসেবেও কাজ করেছেন।নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন সাবেক শুটার জিএম হায়দার। ফেডারেশনের নীতি-নির্ধারণী কাজে তিনিই মূল ভূমিকা পালন করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অতীত কর্মকাণ্ড ঘিরে তার ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শুটিং অঙ্গনের একটি অংশে।কমিটিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। সদস্যদের মধ্যে আছেন সাবেক শুটার ও দীর্ঘদিন ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকা সংগঠকেরা। তবে জাতীয় দলের সাবেক তারকা শুটার সাইফুল আলম রিংকি, সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্নার নাম দেখা যায়নি কমিটিতে।শুটিং ফেডারেশনের জন্য উপস্থাপিত সার্চ কমিটির তালিকা জমা পড়েছিল কয়েক মাস আগেই। যেহেতু এটি একটি সংবেদনশীল ও প্রযুক্তিনির্ভর খেলা, তাই সময় নিয়ে যাচাই-বাছাই করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ফলে কমিটি ঘোষণায় বিলম্ব হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা অনুমোদিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা আগে ছিল ৫৫। তিনটি অ্যাসোসিয়েশন একীভূত হওয়ায় বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫২। এর মধ্যে ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০টি ফেডারেশনে ইতোমধ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এখন কেবল অপেক্ষা মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষণার।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
