চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা বর্তমানে রাজনৈতিক হয়রানির অভিযোগে চরম বিতর্কে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের পর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তারের পেছনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নাম ঘুরে ফিরে আসছে। অভিযোগকারীরা বলছেন, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা, হয়রানি, এমনকি টাকা দাবি পর্যন্ত করেছেন এই পুলিশ কর্মকর্তা।এই অভিযোগগুলো এখন আর কেবল চায়ের টেবিল বা সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জনে সীমাবদ্ধ নয়-পুলিশের সর্বোচ্চ মহল, আইজিপি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরেও পৌঁছেছে একাধিক লিখিত অভিযোগপত্র। এসব অভিযোগ বিশ্লেষণ করলে উঠে আসে ভয়ানক চিত্র: নামের মিল থাকার অজুহাতে গ্রেপ্তার, ঘটনাস্থলে অনুপস্থিত থাকার পরও মামলায় আসামি করা, এমনকি ভিডিও ফুটেজে নির্দোষ প্রমাণের পরও মামলা অব্যাহত রাখা—এসবই এখন প্রশ্নবিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা।পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মেজবাহ উদ্দিনের অভিজ্ঞতা যেন এই চিত্রকে আরও স্পষ্ট করে তোলে। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র নামের মিল থাকার কারণে ২নং জালালাবাদ ওয়ার্ডের ছাত্রলীগ সদস্য মইনুদ্দিন আহমদ মুমিন ওরফে বাবুর দায়ের করা মামলায় কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই তাকে গ্রেপ্তার করেন ওসি আরিফুর রহমান। ২৩ এপ্রিল সিএমপি কমিশনারের দপ্তরে দাখিলকৃত লিখিত অভিযোগে মেজবাহ উদ্দিন বলেন, “গ্রেপ্তারের সময় ওসি আরিফ টাকা দাবি করেন এবং পরবর্তীতে বিএনপি ঘরানার নেতাকর্মীদের বেছে বেছে হয়রানিমূলক মামলায় জড়িয়ে দেন।”চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের পরিবার কল্যাণ সম্পাদক জাকির হোসেন মিশুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটিও প্রশ্ন তুলেছে পুলিশের দায়বদ্ধতা নিয়ে। অভিযোগ, ২৯ অক্টোবর ২০২৪ সালে আমিন জুট মিলস এলাকা থেকে ট্রাকের মালামাল সরানোর ঘটনায় তার নাম মামলা (নং-৩৩/১০-২০২৪)-এ অন্তর্ভুক্ত করা হয়। অথচ মিশু লিখিত অভিযোগে জানান, ঘটনার সময় তিনি চকবাজারের বালি আকার্ডের শেঠ প্রপার্টিজ অফিসে অবস্থান করছিলেন। তিনি অফিসের সিসিটিভি ফুটেজ দাখিল করেছেন প্রমাণ হিসেবে, যেখানে তার উপস্থিতি দৃশ্যমান।অভিযোগের জবাবে মামলার বাদী আদালতে ‘অনাপত্তিপত্র’ জমা দিয়ে উল্লেখ করেন—তিনি মিশুর জামিনে কোনো আপত্তি করেন না। এতে প্রশ্ন উঠেছে—যখন মামলার বাদী নিজেই আসামির বিরুদ্ধে অভিযোগে আস্থাহীন, তখন পুলিশ কীভাবে এমন অভিযোগে মামলা নেয়?একই মামলায় ছাত্রদল নেতা তানভীর ইসলাম (তাসিন), জিয়াউর রহমান কলেজ শাখার কর্মী, তাকেও অভিযুক্ত করা হয়। তিনিও লিখিতভাবে জানান, অভিযোগে উল্লিখিত সময় তিনি বন্ধুদের সঙ্গে একটি দোকানে নাস্তা করছিলেন। সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ফুটেজেও তার উপস্থিতি প্রমাণিত হয়। তার ক্ষেত্রেও মামলার বাদী আদালতে ‘অনাপত্তিপত্র’ জমা দিয়ে তার জামিনে সম্মতি জানান।সাবেক নগর ছাত্রদল নেতা সাইফুল ইসলামের সঙ্গে কথিত এক ফোনালাপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অডিওতে ওসি আরিফুর রহমানের সঙ্গে কথোপকথনে রাজনৈতিক বিষোদ্গার এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার ইঙ্গিত মেলে। যদিও প্রতিবেদকের পক্ষে কল রেকর্ডের সত্যতা যাচাই বা নিরপেক্ষভাবে ফ্যাক্টচেক করা সম্ভব হয়নি, তবে এটি জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে-একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার আচরণ কতটা নিরপেক্ষ ও পেশাদার হওয়া উচিত?বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন বলেন, “কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে এবং তা তথ্য-প্রমাণসহ উপস্থাপন করা হয়, তাহলে অবশ্যই তা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের পক্ষে নয়, আমাদের দায়িত্ব আইন রক্ষা করা।”এই প্রসঙ্গে চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট মুহাম্মদ আবদুল ওয়াহেদ হোসাইনী সময়ের কণ্ঠস্বরকে বলেন, রাজনৈতিক মতভেদ বা আন্দোলনের চাপে পড়ে পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ সংবিধান ও আইনের শাসনের চরম লঙ্ঘন। বিশেষ করে, সিসিটিভি ফুটেজ, ভিন্ন স্থানে অবস্থান, এমনকি বাদীর অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করাটা কেবল অযাচিত নয়-বরং তা একটি রাষ্ট্রের ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা হারানোর অন্যতম কারণ হয়ে উঠতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন
খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন

কীর্তখোলা সংলগ্ন (বেলতলা) খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার (১৩ Read more

ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি
ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে Read more

ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন