দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামাবাদের লক্ষ্য থাকবে— এ সফরের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেওয়া। সরকারের এক কূটনীতিক বলছেন, এপ্রিল মাসের স্থগিত সফরটা এখন হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে উভয়পক্ষের সম্মতি আছে। সম্ভবত আগস্টের তৃতীয় সপ্তাহে সফরটা হবে। এজন্য কাজ চলছে।ইসলামাবাদের নির্ভরযোগ‌্য এক‌টি কূটনৈ‌তিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২২ বা ২৩ আগস্টে ঢাকা সফরে আসার কথা রয়েছে।গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের ঢাকা সফর স্থগিত করে ইসলামাবাদ। এ প্রসঙ্গে সরকারের ওই কূটনীতিক বলেন, সব ঠিক হয়ে যাওয়ার পর তখন পাকিস্তান না করেছিল। প্রায় সবকিছু প্রস্তুত ছিল।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। এ ছাড়া ইসহাক দারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।সম্প্রতি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বছরের ব্যবধানে এটি ছিল তার চতুর্থ সাক্ষাৎ। ওই সাক্ষাতে দারের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এমন এক কূটনীতিক জানান, নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রসঙ্গটি এসেছে। ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের পরপরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সেই সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার কথা জানিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য বাড়ানোর কথা বলেছে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে এক কূটনীতিক বলেন, সফর নিয়ে কাজ প্রায় শেষ করা আছে। আগে কিছু অ্যাগ্রিমেন্ট হয়ত আলোচনায় ছিল না, এখন হয়ত আলোচনায় আসতে পারে; কিছু অগ্রগতিও আছে। এখনই ঠিক বলা যাবে না কয়টি চুক্তি হবে।ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রায় দেড় যুগ পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে বেশ আগ্রহী ইসলামাবাদ। তারই অংশ হিসেবে দীর্ঘ ১৫ বছর পর গত এপ্রিলে ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করে বাংলাদেশ-পাকিস্তান, বৈঠকে পাকিস্তানের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ।২৭-২৮ এপ্রিল দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের ঢাকা সফর স্থগিত করা হয়।কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর পাকিস্তানের অতি আগ্রহের কারণে মনে হয়েছে দুই দেশ বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা-ইসলামাবাদের সম্পর্কে যে নতুন মাত্রা পেয়েছে, সেটিও দৃশ্যমান। ইতোমধ্যে বিদেশের মাটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দুবার সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। প্রথমে নিউইয়র্ক ও পরে মিশরে। প্রথম সাক্ষাতে ড. ইউনূস একাত্তরের প্রসঙ্গ না তোলায় দেশের অনেকে নেতিবাচক সমালোচনা করেছেন। তবে, মিশরে একাত্তরের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি দেশটির প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে ভোলেননি প্রধান উপদেষ্টা।বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বেশকিছু দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো– দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। গত বছরের নভেম্বর মাসে পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছে, যে সুযোগ আগে ছিল না। গত ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসাপ্রাপ্তি সহজ করার নির্দেশ দেয়। আগে পাকিস্তানি নাগরিক ও পাকিস্তানি বংশোদ্ভূত উন্নত দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগত। এ ছাড়া সেপ্টেম্বরের শুরুতে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশিদের জন্য পাকিস্তানের ভিসার চার্জ লাগবে না। দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচলের উদ্যোগও নেওয়া হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে চারবার সাক্ষাৎ করেছেন। এ ছাড়া তাদের মধ্যে টেলিফোনেও আলাপ হয়েছে। গত মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে ঢাকা সফর করেছেন।বাংলাদেশের কূটনীতিকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আন্তরিক বাংলাদেশ। তবে, অমীমাংসিত ইস্যুগুলো ভুলে যায়নি ঢাকা। বাংলাদেশ মনে করে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, সম্পদের হিস্যা, ১৯৭০ সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিশোধের মতো বিষয়গুলোর সুরাহা হওয়া জরুরি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। কলম্বোতে ম্যাচটি Read more

ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে
ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অভিযোগ করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ত্রিভুজ প্রেমের Read more

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় খাবার, ঔষধ ও এক্সরে নিয়ে Read more

পিআর পদ্ধতি চায় যারা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: বিএনপি নেতা বুলু
পিআর পদ্ধতি চায় যারা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়: বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, 'শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। যারা পিআর পদ্ধতি চায়, তারা Read more

দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির
দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Read more

নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন