মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালু মহালের ম্যানেজার মিরাজ হোসেনকে (৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান ‘মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজ’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।ইজারাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, শুক্রবার বিকেলে বালু মহালের ড্রেজারে বসে হিসাবনিকাশ করছিলেন মিরাজ। এ সময় স্পিডবোটে করে আসা একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তারা কয়েক রাউন্ড গুলি ছুড়লে একটি গুলি মিরাজের শরীরে লাগে। এরপর দুর্বৃত্তরা তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কাওসার আলম আরও জানান, সরকারি ইজারা নিয়ে তিনি বালু মহালটি পরিচালনা করে আসছিলেন। তবে গত ১ মার্চ বিকেলে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি এ বিষয়ে শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।হত্যাকাণ্ডের বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।”মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
