সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীর দোকান থেকে ১৪৫৫ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সাথে মজুতদারির অপরাধে ওই দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর বাজারে অভিযান চালিয়ে হাসমত আলীর দোকান থেকে ৭২০ লিটার ডিজেল ও ৩৪৫ লিটার পেট্রোল এবং আব্দুস সালামের দোকান থেকে ৩০০ লিটার ডিজেল, ৮৫ লিটার পেট্রোল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত তেলের মধ্যে ৬২০ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে এবং পেট্রোল মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্যমূল্যে তাৎক্ষণিক বিক্রি করে দেওয়া হয়। অবশিষ্ট ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রির ব্যবস্থা করা হয়।অভিযানকালে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, “চলমান সংকটের সুযোগ নিয়ে অধিক মুনাফার উদ্দেশ্যে ডিজেল ও পেট্রোল মজুত করা হয়েছিল। আমরা অভিযান চালিয়ে দুই দোকান থেকে মোট ১৪৫৫ লিটার তেল জব্দ করেছি এবং দোষীদের জরিমানা করেছি। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
