যশোরের কেশবপুর পৌরসভার সাহাপাড়ায় গৌরী রানী (৬৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ বাড়ি থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। গৌরী রানী সাহাপাড়ার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ তার মেয়ে সাধনা ওরফে দিপ্তী অধিকারীকে আটক করেছে। জানা গেছে, গত ৪ দিন আগে মানসিক ভারসাম্যহীন রোগী সাধনা ওরফে দিপ্তী শ্বশুর বাড়ি মণিরামপুর থেকে তার মা গৌরী রানীর কাছে চলে আসেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বিবস্ত্র হয়ে বাড়ির সামনে ঘুরছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দীপ্তিকে স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী সাহাপাড়ায় যান। তিনি বাড়ির দুইতলায় গিয়ে গৌরী রানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে সাধনা ওরফে দিপ্তীকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি জব্দ করা হয়েছে।এ সময় মায়ের হত্যাকারী সাধনাকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী জানায়, সাধনা অধিকারী মানসিক বিকারগ্রস্ত। গত ৮/১০ বছর ধরে তার চিকিৎসা চলছে। কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মানসিক বিকারগ্রস্ত সাধনা তার মা গৌরী রানীকে খুন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
