চট্টগ্রামের সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেন হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।নিহত শাহাদাত হোসেন (৩০) উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকার বাসিন্দা।এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রেকর্ড করা হয়।মামলার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম (৩১) এবং তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজন মো. ইসমাইল (২৭)কে গ্রেফতার করে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’তিনি আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’রবিবার রাত ১১টার দিকে দক্ষিণ ঢেমশা এলাকায় নিজের দোকানের সামনে বসে ছিলেন তিনি। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা লোহার রড, হকিস্টিক, লাঠি ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে শাহাদাত গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
