ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অনহুমোদনহীন সিসা কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে বৃক্ষ রোপণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এবং সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর এলাকায় এ অভিযানে তিনটি কারখানায় তল্লাশি চালানো হয়। অভিযানে নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি।অভিযান সূত্রে জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনও উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে সাহা-বেলীশ্বর এলাকায় একটি কারখানায় সিসা প্রক্রিয়াজাত করার কাজ চলমান অবস্থায় দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সিসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড, কার্বন-মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।’তিনি আরও বলেন, ‘শুধু জরিমানা করাই নয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে কারখানার আশপাশে বৃক্ষ (গাছ) লাগানো হয়েছে। স্থানীয়দের এসব গাছের পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।’উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
