চট্টগ্রামের হাটহাজারীতে মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।নিহত শিশুর নাম সাফরিনা জান্নাত মাহিরা। অভিযুক্ত বাবার নাম ওসমান গণি, যিনি পেশায় একজন রঙ মিস্ত্রি (পেইন্টার)। তিনি ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার সুমার কাছে চা খেতে চান। রাতে বাচ্চার না ঘুমানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্রোধে উন্মত্ত হয়ে ওসমান তাঁর স্ত্রীর কোল থেকে দুই মাসের শিশু মাহিরাকে ছিনিয়ে নিয়ে পর পর দুইবার মাটিতে সজোরে আছাড় দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়ে।মা সুমাইয়ার গগনবিদারী চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মেজবাহ উল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, ঘটনার পর থেকে ঘাতক বাবা ওসমান গণি পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য ওসমানের চাচা রুম্মানকে আটক করেছে পুলিশ।স্থানীয় ইউপি সদস্য মো. জসিম মেম্বার এই ঘটনায় গভীর শোক ও ঘৃণা প্রকাশ করে বলেন, “মানুষ কতটা নির্মম হলে নিজের সন্তানকে এভাবে হত্যা করতে পারে, তা কল্পনা করাও কঠিন।” পুলিশ জানিয়েছে, পলাতক ওসমান গণিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
