রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এসব তথ্য জানান।তিনি বলেন, রাজধানীতে স্কুলের সময় যে যানজট তৈরি হয় তা কীভাবে কমানো যায় এবং এ ক্ষেত্রে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ নিয়ে দ্রুত একটি প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, রাজধানীর একটি স্কুলে মাত্র ১৫০ শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি গাড়ি একসঙ্গে ভিড় করে, যা আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বাড়ছে। সমস্যাগুলো অ্যাড্রেস করে মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প খুঁজতে মন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।শিক্ষামন্ত্রীর পরে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর
