বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এখান থেকে সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। অথচ সুনামের সঙ্গে পাঠদান চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটির প্রবেশপথ এখন কোমলমতি শিক্ষার্থীদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশ ঘেঁষে থাকা বিশাল ও গভীর দুটি পুকুরের মাঝখানের সরু পাড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অন্তত ১২৫ জন শিশু শিক্ষার্থী। এমনকি পুকুর দুটি’র পাড় ভাঙনের কারণে খোদ স্কুল ভবনটিও যেকোনো সময় ধ্বসে পড়ার আশঙ্কায় রয়েছে।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের একেবারে গা ঘেঁষেই রয়েছে দুটি বড় পুকুর। স্থানীয়দের বক্তব্য মতে, পুকুরগুলোর গভীরতা প্রায় ১৫ ফুট। বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রশস্থ রাস্তা নেই, পুকুর দুটি’র মাঝখানের সরু আইল বা পাড়ই যাতায়াতের একমাত্র মাধ্যম। বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতে এই মাটির পথ পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে যায়। এছাড়া পুকুরের পাড় ভাঙতে শুরু করায় রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, পাশাপাশি দুজন হাঁটাও দায়। অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পাড় ধ্বসে বা পিচ্ছিল পথে পা পিছলে পুকুরে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়টির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওসমান গণি বলে, “স্কুলে আসার সময় খুব ভয় লাগে। রাস্তাটা অনেক সরু, একটু এদিক-সেদিক হলেই পুকুরে পড়ে যাব। বর্ষাকালে তো আসতেই পারি না।”চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা খাতুন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রিফাত হোসেন জানায়, “পুকুরের পাড় অনেক উঁচু আর খাড়া। আমাদের যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে, তবুও ভয় লাগে।” দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফারিহা খাতুন ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত ইসলাম জানায়, তাদের এই ভয়ের রাস্তা অনেক কষ্টে পার হতে হয়।স্থানীয় বাসিন্দা মো. রুবেল উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়টি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।”বিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন বলেন, “বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে চলছে, কিন্তু এই যাতায়াত সমস্যার কারণে আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি। বিদ্যালয়ের নামে বর্তমানে মোট ৩৩ শতাংশ জমি রয়েছে। সংযোগ সড়ক না থাকায় বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য কোনো গাড়ি বা মালামাল প্রবেশ করানো যায় না, ফলে সংস্কার কাজও ব্যাহত হচ্ছে।”তিনি আরও বলেন, “পুকুরের পাড় সংস্কার করাটা এখন সবচেয়ে জরুরি। এছাড়া স্কুল ভবন সংলগ্ন একটি বটগাছ বেড়ে উঠেছে যা ভবনের জন্য ঝুঁকির কারণ। গাছটি নিলামের মাধ্যমে কাটার জন্য আমি সমাপনী পরীক্ষার পর উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাবো।”বিদ্যালয় সংলগ্ন পুকুরের মালিক আব্দুস সাত্তার বলেন, “বিদ্যালয়টি প্রতিষ্ঠার আগে থেকেই এখানে পুকুর ও জঙ্গল ছিল। জমির মূল মালিক শচীন্দ্রনাথ রায় মোট সোয়া ৫ বিঘা জমি থেকে ৩৩ শতক বিদ্যালয়কে দান করেন এবং বাকি সোয়া ৪ বিঘা (দুটি পুকুর) আমাকে কবলা মূলে লিখে দেন। যার মধ্যে উত্তরের পুকুরটি ১ একর ৩৯ শতক ও অন্যটি ৮২ শতক।পকুরগুলোর গভীরতা ১৫ ফুট নয়, ৮ থেকে ১০ ফুট হবে। যেহেতু স্কুলের নিজস্ব কোনো রাস্তা নেই, তাই এর দায়ভার আমার ওপর বর্তায় না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ যদি এখানে গাইড ওয়াল নির্মাণ করে বা রাস্তা প্রশস্থ করতে চায়, সেক্ষেত্রে আমার পূর্ণ সম্মতি থাকবে।”শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, “হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার পরপরই আমি গুরুত্বের সাথে নিয়েছি এবং আগামীকালই সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করব।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে জরুরি ভিত্তিতে গাইড ওয়াল নির্মাণ বা ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুতই আমরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব।”এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, “বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আগামী ১৭-১৮ ডিসেম্বরের মধ্যেই আমি প্রতিনিধি পাঠিয়ে অথবা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেব। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন Read more

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।সোমবার (৪ আগস্ট) Read more

গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক
গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

যশোর কেন্দ্রীয় কারাগারের এক সিভিল স্টাফ আব্দুস সামাদের (ব্ল্যাক স্মিথ) ডান হাতের বগলে লুকিয়ে রাখা ১২০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছেন।সোমবার Read more

৫ মে: নামাজের সময়সূচি
৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন