যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবীরা ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের কারণে সরকারি এই হাসপাতালে একের পর এক বদনাম রটছে। কর্মচারী সংকটের অজুহাতে সংশ্লিষ্টরা সুবিধা নিয়ে তাদের হাসপাতালে কাজ দেয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা (স্বেচ্ছাসেবীরা) হাসপাতালের পরিচয়পত্র পুঁজি করে লুটপাটে ব্যস্ত রয়েছেন।হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, রোগীদের সেবা নিশ্চিত করতে সাবেক তত্ত্বাবধায়ক ডা. কামরুল ইসলাম বেনু ২০১৮ সালের জানুয়ারি মাসে ৪২ জনকে স্বেচ্ছাসেবী হিসেবে বিনা বেতনে অস্থায়ীভাবে নিয়োগ দেন। ২০১৯ সালের জুন ও জুলাই মাসে ৩০ জনকে জনগোষ্ঠী সহায়তায় নিয়োগ দেন আরেক সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু। এরপর থেকে স্বেচ্ছাসেবী কর্মচারীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে খাতা-কলমে ৯২ জনের তালিকা থাকলেও বাস্তবে স্বেচ্ছাসেবীদের সংখ্যা প্রায় দেড়শ’। কর্মকর্তাদের অবগত না করেই দায়িত্বশীল কর্মচারীরা ইচ্ছামতো স্বেচ্ছাসেবীদের হাসপাতালের কাজে নিয়োজিত করছেন, যাদের অধিকাংশ নারী।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া দুই ধরনের। একটি সরাসরি নিয়োগ ও অপরটি ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ। সেই অনুযায়ী যশোর জেনারেল হাসপাতালে বহিরাগত নিয়োগ দেয়ার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া মানা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করে তাদের নিয়োগ দিয়েছে।হাসপাতালের নিজস্ব কিছু কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারি এই হাসপাতালে রাজস্ব খাতে কর্মচারী রয়েছে ১৭৬ জন। হাসপাতালের মোট ৯টি ওয়ার্ড ও বর্হিবিভাগের জন্য কী এই কর্মচারীরা যথেষ্ট না—প্রশ্ন তাদের। হাসপাতাল বহিরাগতদের হাতে তুলে দেয়াকে ভালো চোখে দেখছেন না তারা।খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগ, অস্ত্রোপচার কক্ষ, পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ড, পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড, পুরুষ ও মহিলা পেয়িং ওয়ার্ড, মডেল ওয়ার্ড, লেবার ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, সংক্রামক ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে সরকারি কর্মচারীদের পাশাপাশি বহিরাগতরাও দায়িত্ব পালন করে থাকেন। সরকারিভাবে নিয়োগ পাওয়া কর্মচারীরা একটু কৌশলে আর বহিরাগতরা প্রকাশ্যে অর্থবাণিজ্যে লিপ্ত। টাকা ছাড়া কোনো কাজ করেন না তারা। দীর্ঘদিন ধরে এই অবৈধ বাণিজ্য চলে আসছে। বর্তমানে বাণিজ্যে বেড়েছে কয়েক গুণ।জানা গেছে, যেকোনো কাজে তারা ২শ’ টাকার কম নিচ্ছেন না। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজন রহিমা খাতুন, আব্দার রহমান, পারভিনা বেগমসহ অনেকেই জানান, ক্যাথেটার লাগাতে গেলে টাকা ও খুলতে গেলে টাকা দিতে হয়। টলি ঠেলতে গেলে টাকা নেয়া হয়। ড্রেসিং করতে গেলে টাকা দেয়া লাগে। প্লাস্টার করাতে গেলে টাকা গুণতে হয়। বিষ ওয়াশ করতেও রোগীর স্বজনদের কাছে টাকা দাবি করা হচ্ছে। এমনকি টাকা ছাড়া মিলছে না শয্যাও। প্রসূতি ওয়ার্ড ও লেবার ওয়ার্ডে বখশিসের নামে ৫’শ থেকে ১ হাজার টাকা দাবি করা হয়। ছেলে সন্তান হলে ১ হাজার ও মেয়ে সন্তান হলে ৫’শ টাকা দিতে হয়। টাকা না দিলে রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করেন ওয়ার্ডবয় ও আয়ারা।সম্প্রতি, শিশু ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সোনিয়া ও আউটসোর্সিংয়ের কর্মচারী আরিফ হোসেন রোগীদের ছাড়পত্র নিয়ে একটি টেবিলে বসেন। এরপর রোগীর নাম ধরে টেবিলের কাছে ডাকেন। এসময় প্রতিজনের কাছ থেকে ১শ’ টাকা নেয়ার পর ছাড়পত্র দেয়া হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।খোঁজ নিয়ে জানা গেছে, মহিলা সার্জারি ওয়ার্ডে দায়িত্ব পালন করাকালীন ৭৮ পিস সরকারি ইনজেকশন চুরি করে ধরা পড়ে দুই স্বেচ্ছাসেবী কহিনুর ও পলি। এর মধ্যে ৩৯ পিস গ্যাসের ইনজেকশন প্যানটিক্স ও ৩৯ পিস এন্টিবায়োটিক সেফটিএক্সোন ইনজেকশন ছিল। পরে তাদের বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। কহিনুর ও পলি সম্পর্কে শাশুড়ি-বউমা। কহিনুর মহিলা সার্জারি ওয়ার্ডে ও তার বউমা পলি গাইনি ওয়ার্ডে কর্মরত ছিলেন।এর আগে মহিলা সার্জারি ওয়ার্ডে ড্রেসিং বাণিজ্যের অভিযোগে কহিনুর আক্তারকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বের করে দিয়েছিলেন সাবেক তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান। একজন রোগীকে যে কয়বার ড্রেসিং করবেন, ততবার কহিনুরকে ১শ’ টাকা করে দিতে হতো। শুধু তাই নয়, কহিনুর রোগীর জন্য ওষুধ কেনার জন্য স্বজনদের হাতে শর্ট স্লিপ ধরিয়ে দিতেন। এরপর ইনজেকশন, সিরিঞ্জ, স্যালাইন, সুই সুতো নিয়ে তিনি রোগীদের চিকিৎসা করতেন।এদিকে ২০২৪ সালের ১৪ জুলাই ভোরে হাসপাতালের জরুরি বিভাগের স্টোর রুম থেকে মালামাল ভর্তি ৪টি বস্তা চুরি করে নিয়ে যায় হৃদয়সহ দুই স্বেচ্ছাসেবী ওসমান ও হৃদয়। ওই বস্তায় মূল্যবান ওষুধ, প্লাস্টার, সুতাসহ অন্যান্য মালামাল ছিল। মালামাল নিয়ে যাওয়ার সময় হাসপাতালের বাইরে তারা ধরা পড়েন। পরের দিন বিকেলে চুরি হওয়া ৪টি বস্তা স্বেচ্ছাসেবী হৃদয়ের বাড়ি থেকে উদ্ধার হয়। হৃদয়ের বাড়ি সদর উপজেলার ইছালী গ্রামে। হাসপাতালের জরুরি বিভাগে বস্তাগুলো খোলার পর তাতে বিভিন্ন ওষুধ সামগ্রীর কার্টন ও পুরাতন কাগজপত্র পাওয়া যায়। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অর্থোপেডিক বিভাগের ডা. আব্দুর রশিদকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।সূত্র জানায়, বর্তমানে সরকারি এ হাসপাতালে স্বেচ্ছাসেবীদের দাপট চলছে। তারা রোগীর সেবার নামে লুটপাটে ব্যস্ত রয়েছেন। তাদের কর্মকাণ্ডে সরকারি হাসপাতালের দুর্নাম ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষের সঠিকভাবে তদারকি ব্যবস্থা ও জবাবদিহিতা না থাকায় স্বেচ্ছাসেবীরা ফ্রি স্টাইলে অনিয়মের সুযোগ পাচ্ছেন। তাদের লাগাম টানতে না পারলে হাসপাতালে স্বেচ্ছাসেবীদের রাজত্ব চলতেই থাকবে।এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে। সংশোধন হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এরপরেও যদি কেউ বাণিজ্যে লিপ্ত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে হাসপাতালে কাজ করার সুযোগ দেয়া হবে না। ইতোমধ্যে রুপা নামে এক স্বেচ্ছাসেবীকে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সময় নেই’
‘ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সময় নেই’

ইরানে চলমান যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচকদের ইউক্রেনের জন্য সময় নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।মঙ্গলবার (১৪ এপ্রিল) জার্মানির Read more

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ। শনিবার (১২ জুলাই) সকাল Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। Read more

২২ অক্টোবর: নামাজের সময়সূচি
২২ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৬ কার্তিক ১৪৩২ বাংলা, ২৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ঈদ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় রেলস্টেশনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
ঈদ উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় রেলস্টেশনে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

আসন্ন ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশের ন্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন