বর্ষা এলেই জেগে ওঠে বাংলার নদী। কখনো শান্ত, কখনো উন্মাদ। আড়িয়াল খাঁ এবার তেমনি উথালপাথাল। ঢেউয়ের বুকে বাড়ছে স্রোতের তীব্রতা, আর সেই স্রোতের কামড়ে ধসে পড়ছে পাড়ের মাটি। মাদারীপুরের শিবচরের উৎরাইল-শিবচর সংযোগের ‘লিটন চৌধুরী সেতু’র গা ঘেঁষে যখন নদী গর্ত করে গিলে নিতে শুরু করেছে পাড়ের বুক, তখন শঙ্কার ছায়া নেমেছে পুরো জনপদজুড়ে।যেখানে এক সময় বসে মানুষ নদীর শোভা দেখতো, স্রোতের তালে সেই স্থান এখন বিলীন। সেতুর একটি পিলার থেকে নদী ভাঙন আজ মাত্র একশ ফুটেরও কম দূরে। যেন নিঃশব্দে এগিয়ে আসছে অদৃশ্য হুমকি।মাত্র দেড় বছর আগে, ২০২৩ সালের ৪ নভেম্বর, যে সেতুর উদ্বোধনে নতুন দিনের স্বপ্ন দেখেছিল শিবচরবাসী, আজ সেই স্বপ্নই টালমাটাল নদীর তাণ্ডবে। প্রায় ৫৫০ মিটার দৈর্ঘ্য আর ৯.৮০ মিটার প্রস্থের এই সেতু নির্মিত হয়েছিল প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে। যোগাযোগের বন্ধন খুলে দিয়েছিল দত্তপাড়া, নিলখী আর শিরুয়াইলের মানুষের জন্য। যাতায়াত আর জীবনের পথ যেন সহজ হয়েছিল। অথচ সেই সেতুর পায়ের নিচেই আজ নেই মাটির নিশ্চয়তা।নদীর পাড় ধসে পড়ছে একের পর এক। যেখানে ছিল সবুজ ঘাস, সেখানে এখন কাদা আর ঘূর্ণিস্রোত। একটি পুরোনো গাছ যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে শেষপ্রহরের প্রহরী হয়ে, কিন্তু সেই গাছও আর কতকাল? নদীর কূলে এখন বাতাসও যেন থমকে যায়।স্থানীয়রা বলছেন—কয়েকদিন আগেও যে স্থান ছিল নিরাপদ, সেখানে আজ কেউ পা রাখে না। স্রোতের টানে মাটি আর পানি এখন একাকার। কেউ কেউ আক্ষেপ করে বলছেন, সেতু নির্মাণের আগেই যদি নদী শাসন হতো, আজ হয়তো এই আতঙ্কের মুখোমুখি হতে হতো না।শিবচরের স্থানীয় প্রশাসন জানিয়েছে, খোঁজ-খবর নেওয়া হবে। এলজিইডির কর্মকর্তারা বলছেন, দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। অথচ পানি উন্নয়ন বোর্ডের ভাষায়, ব্যবস্থা নেয়া সময়সাপেক্ষ। এখানে ব্লক ফেলে নদী ঠেকাতে হবে, আর সেটি রাতারাতি সম্ভব নয়।তবুও প্রশ্ন থেকেই যায়—প্রকল্পের এত আয়োজন, এত ব্যয়, এত পরিকল্পনা—তবু কেন নদী শাসন ছিল না এই স্বপ্নের সেতুর পাড় ঘেঁষে? কেনো এতো দেরিতে চোখ খুলছে প্রশাসন?নদী জানে না সেতুর ব্যয়ের অঙ্ক, জানে না মানুষের স্বপ্নের কথা। সে শুধু জানে, স্রোতের ডাকে মাটি ধসে যায়, জনপদ নেমে যায় পাঁকে। আর মানুষ? মানুষ শুধু তাকিয়ে দেখে—একদিন যেখানে সেতু ছিল, সেখানে হয়তো থাকবে শুধু নদীর কোল ঘেঁষা একরাশ বিস্ময়ের শূন্যতা।শিবচরের ইউএনও পারভীন খানম বললেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।’মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয় বলেন, ‘আমরা সেতুর ভাঙনে কবলিত এলাকায় দ্রুত লোক পাঠাবো। সরেজমিনে পরিদর্শন শেষ করে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।’পানি উন্নয়ন বোর্ড মাদারীপুরের প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, ‘শিবচরের আড়িয়াল খাঁ নদের একাধিক স্থানে ইতিপূর্বে ভাঙন রোধে নদী শাসন বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। তারা আমাদের আনুষ্ঠানিকভাবে জানালে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে ভাঙন রোধের কাজ সময়সাপেক্ষ। এখানে ব্লক ফেলা ছাড়া ভাঙন ঠেকানো সম্ভব নয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
কুয়াকাটায় এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি

কুয়াকাটা উপকূলে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮'শ গ্রাম ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। শনিবার (১৬ আগস্ট) Read more

‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’
‘গ্রেপ্তার নয়, আত্মসমর্পণ করেছেন ১৫ সেনা কর্মকর্তা’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার Read more

চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

সখীপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু
সখীপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নম্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন