পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সোলায়মান হক (৩৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে পৌরসভার আহমদনগর এলাকার মিলগেট বাজার-ফুলতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মোটরসাইকেলে করে পঞ্চগড় শহর থেকে বাড়ি ফিরছিলেন সোলায়মান হক। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
