বরগুনার তালতলী উপজেলায় ফুটবল খেলার সময় মাঠের মধ্যে একটি গরুর বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ হযরত আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। এর আগে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া নামক এলাকায় মামলার ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া মাদ্রাসা মাঠে সমবয়সী স্থানীয় কিছু কিশোর ফুটবল খেলছিল। এসময় খেলার মাঠে একটি গরুর বাছুর প্রবেশ করলে মুছা নামে একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় নিহত হযরত আলীর। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই অভিযুক্ত মুছার বড় ভাই হযরত আলীর সঙ্গে বিষয়টির মিমাংসা করে দেন। পরবর্তীতে রবিবার সকালে হযরত আলীর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখত অভিযোগ দেয়নি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।’ইখা
Source: সময়ের কন্ঠস্বর
