কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগে কাজী হিরন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম কাজী মোহাম্মদুল্লাহ (৪০)। তিনি আটক হিরন মিয়ার তৃতীয় ছেলে।স্থানীয় সূত্র জানান, পিতা-মাতাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানিসহ মাদকাসক্তের অভিযোগে প্রায় তিন মাস আগে নিহত মোহাম্মদুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।গত ২ এপ্রিল কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের পুনরায় হয়রানি ও গালাগাল শুরু করেন মোহাম্মদুল্লাহ। এরই মাঝে বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে বাবা হিরন মিয়াকে ঘরের দেয়ালে চেপে ধরে মারধর শুরু করেন তিনি। এক পর্যায়ে একটি ধারালো ছুরি নিয়ে তাকে হত্যা করতে ছুটে এলে ধাক্কায় ঘরের বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন মোহাম্মদুল্লাহ।তখন ক্ষুব্ধ হয়ে ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে হত্যা করেন হিরন মিয়া। নিহতের ভাই কাজী আহমেদ বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত ছিল। বিয়ের পর নিজের স্ত্রীকেও মারধর করত সে। এ কারণে তার স্ত্রীও চলে গিয়েছে। আজকে সে আমার বাবাকে হত্যা করতে চেয়েছিল। তখন বাবা নিজেকে রক্ষা করতে গিয়ে তাকে জবাই করে হত্যা করেছেন। বাবা তাকে জবাই না করলে সে আমার বাবাকে জবাই করে হত্যা করত। আমার বাবা নির্দোষ।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ছেলেকে জবাই করে হত্যার পর বাবা হিরন মিয়া নিজেই থানায় ফোন করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন।পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর
